মোঃ শাহানুর সোহাগ
টাঙ্গাইল গোপালপুর প্রতিনিধি
টাঙ্গোইলের গোপালপুরে ১৮ আগষ্ট মঙ্গলবার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালপুর পৌরসভার প্রয়াত চেয়ারম্যান জননেতা আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে এবং ডা. শমশের আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টূ।
বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টূ বলেন, “মান্নান সাহেবের সঙ্গে যখন রাজনীতি করেছি, তখনকার রাজনৈতিক পরিবেশ আর এখনকার রাজনৈতিক পরিবেশের মধ্যে অনেক তফাৎ। গত ১৭ বছরে আমাদের সমাজ মাদকে সয়লাব হয়ে গেছে। আমার আশপাশে যদি কেউ মাদকসেবী থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, প্রয়াত আব্দুল মান্নান চেয়ারম্যান চাকরি থেকে রাজনীতিতে এসে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ন্যায় ও সততার জন্য লড়াই-সংগ্রাম করেছেন।
আব্দুস সালাম পিন্টূ আরও বলেন, “মান্নান চেয়ারম্যান রাজনীতি করতে এসে মানুষের জন্য নিজের সম্পদ পর্যন্ত ব্যয় করেছেন। চারটি ট্রাকসহ অনেক জমি বিক্রি করেছেন। এই মান্নান চেয়ারম্যানের ঘরে আমরা কত রাত কাটিয়েছি, তার কোনো হিসাব নেই। তাঁর মতো একজন মানুষ আমি আর কোথাও পাব কি না, জানি না।”
এসময় উপজেলা বিএনপি ও শহর বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিকবৃন্দ এবং নয়াদিন পত্রিকার ডিরেক্টর এম এ হেলাল সাহেব,
গোপালপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, মেহেরুন্নেছা মহিলা কলেজের শিক্ষকবৃন্দ, শিল্প-বণিক সমিতির নেতৃবৃন্দ, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক, বাস মালিক সমিতি, রিকশা-ভ্যান শ্রমিক সমিতি, গোপালপুর পৌরসভার কর্মচারীবৃন্দ, গোপালপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সাধারণ জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আলোচনা সভা শেষে প্রয়াত জননেতা আব্দুল মান্নান চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।




Leave a Reply